বিবরণ
যশোর জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী ঈদগাহ দয়ারামপুর ঈদগাহ। ১৮১০ সালের দিকে ঐতিহাসিক শেরশাহ সড়কের পাশে বাঘারপাড়া উপজেলার দয়ারামপুরে এটি স্থাপন করা হয়। ঈদগাহজুড়ে সারি সারি গাছ। এখানকার ছায়া সুনিবিড় ও মনোরম পরিবেশ মনকে প্রশান্তিতে ভরে দেয়। নানা ধরনের বিশ্বাস ও মিথ থাকায় আশপাশের এলাকার মানুষ ঈদের নামাজ আদায় করতে আসেন। এখানে হাজার দশেক মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারেন।
বাঘারপাড়া উপজেলা সদর থেকে প্রায় ৭ কিমি. এবং নারিকেলবাড়ীয়া বাজার থেকে প্রায় এক কিমি. দূরে অবস্থান দুই শতাব্দী প্রাচীন ঈদগাহটির। প্রায় তিন বিঘা জমি ওপর গড়ে ওঠা ঈদগাহের উত্তরপাশে দয়ারামপুর সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, পূর্বপাশে মসজিদ আর পশ্চিমপাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই প্রতিষ্ঠানের মাঝ বরাবর শেরশাহ সড়ক চলে গেছে।
স্থানীয়রা জানায়, নারিকেলবাড়ীয়া লাগোয়া মাগুরার শালিখা উপজেলার কাদিরপাড়া, গোবরা, হরিশপুর, দেয়াভাঙ্গা, হাজরাহাটি, ঝুনোরি, শতখালী, বাঘারপাড়ার ধলগ্রাম, বন্দবিলা ও নারকেলবাড়ীয়া ইউনিয়ন এবং নড়াইলের প্রায় ৩০ গ্রামের মানুষ দয়ারামপুর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।
ঈদগাহ লাগোয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আশরাফউদ্দিনের ছোটভাই মুফতি মওলানা ইমাদউদ্দিন জানান, তার দাদা প্রথমদিকে ঈদের নামাজে ইমামতি করতেন। তার মৃত্যুর পর বড় ছেলে পীরজাদা আব্দুর রহিম ইমামতি করেন। এরপর ইমামতির দায়িত্ব পান আব্দুর রহিমের ছেলে মওলানা শামসুদ্দিন। প্রায় ৩০ বছর মওলানা শামসুদ্দিন ইমামতি করেন। এখন তার ছোটভাই মুফতি মওলানা ইমাদউদ্দিন ইমামতি করছেন। এখানকার পীরবাড়ির অনেক ঐতিহ্য রয়েছে। পীরবাড়ির সদস্যদের নিয়ে বেশকিছু চমকপ্রদ ঘটনা এখনও মানুষের মুখে মুখে।
দয়ারামপুর সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মো. ইয়াহিয়া আলী বলেন, এখানকার পীররা ছিলেন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। নিজেদের জীবনেও তাদের মোজেজা রয়েছে। তিনি বলেন, আমার আম্মার এক সময় মুখ বেঁকে গিয়েছিল। তখন পীরসাহেবের (পীরজাদা আব্দুর রহিম) কাছে আব্বা যান। পীরসাহেব আব্বাকে বাজার থেকে একটা লাউ ও কিছু জিওল (শিং) মাছ আনতে বলেন। অসময়ে কোথায় লাউ পাবেন-জিজ্ঞেস করতেই পীরসাহেব বলেন, হাটে যাও। আব্বা হাটে গিয়ে একটা সুন্দর লাউ পান। কিছু জিওল মাছও কিনে পীরসাহেবের কাছে নিয়ে যান। পীরসাহেব লাউ ‘পড়ে’ দেন। বাড়ি এসে লাউ রান্না করে আম্মাকে খাওয়ালে তার মুখ ঠিক হয়ে যায়।
স্থানীয়দের মুখে মুখে আরেকটি কাহিনী প্রচলিত রয়েছে। একবার পীরজাদা আব্দুর রহিমের কাছে কয়েকজন মুরিদ আসেন ‘দাওয়া’ নিতে। তখন প্রয়োজন হয়ে পড়ে খাঁটি মধুর। কিন্তু মুরিদরা মধু পাচ্ছিলেন না। সেসময় মুরিদদের উদ্দেশ করে তিনি বলেন একটি বাটি নিয়ে অদূরে থাকা একটি গাছের নিচে দাঁড়াতে। কিছু সময় পর ওইগাছে থাকা মৌচাক থেকে মধু ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে!
নারিকেলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবলু কুমার সাহা জানান, এ ঈদগাহ নির্মাণে পীরসাহেবদের অনেক অবদান। প্রতি বছর ঈদগাহে হাজার হাজার মানুষ জামাতে নামাজ আদায় করেন। একসময় এই ঈদগাহে শবেবরাতের সময় ওয়াজ মাহফিল হতো। জানা গেছে, ঈদগাহের জন্য জমি বরাদ্দ দেন সেই সময়কার বিশিষ্ট সমাজসেবী রাজেন্দ্রনাথ সাহা। তার দেওয়া জমির পরিমাণ ৩৩ শতক। স্থানীয় আরেক সমাজসেবী রহিম বক্স দেন ২৪ শতক এবং পীরসাহেব ইউসুফ (রা.) দান করেন ৪৩ শতক জমি।
