বাঘারপাড়াইতিহাস, মানুষ ও সম্ভাবনার মেলবন্ধন
শতবর্ষী দুই হিজল গাছ
ইতিহাস ও দর্শনীয় স্থান

শতবর্ষী দুই হিজল গাছ

বিবরণ

হিজলের দেশ বাংলাদেশ। দেশের আনাচকানাচে শিকড়-বাকড়ের মতো ছড়িয়ে আছে হিজলগাছ। ‘রূপসী বাংলা’র কবি জীবনানন্দ দাশের কবিতায়ও হিজলের উপস্থিতি ধরা পড়েছে এভাবে—

> ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে!

> মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে

> এমনই হিজল—বট—তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ

> দেখেছিল...

এঁকেবেঁকে বয়ে গেছে চিত্রা নদী। উত্তর থেকে দক্ষিণমুখী নদীটি হঠাৎ বাঁক নিয়ে পূর্বমুখী হয়েছে। কিছুটা এগিয়ে আবার বাঁক নিয়ে ছুটছে উত্তরমুখী। নদীর সেই বাঁকের নাম নারিকেলবাড়িয়া। যশোরের বাঘারপাড়া উপজেলার এই নারিকেলবাড়িয়ায় চিত্রার পাড়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি হিজলগাছ। গাছ দুটির প্রকৃত বয়স নিশ্চিতভাবে জানা না গেলেও স্থানীয় বাসিন্দাদের কাছে এগুলো ‘শতবর্ষী হিজল’ নামেই পরিচিত।

যশোর শহর থেকে বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ার দূরত্ব ২৮ কিলোমিটার। নারিকেলবাড়িয়া-ক্ষেত্রপালা সড়কের পাশে চিত্রা নদীর তীরে নারিকেলবাড়িয়া মহাশ্মশান। সেখানে বহু ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি।

নিসর্গবিদেরা জানান, হিজলের আদি নিবাস অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও বাংলা-ভারত। ‘হিজল’ বাংলা শব্দ; সংস্কৃতে এর নাম ‘নিচুল’। এ ছাড়া ‘জলন্ত’ ও ‘নদীক্রান্ত’ নামেও গাছটি পরিচিত। ইংরেজিতে একে ইন্ডিয়ান ওক বলা হয়, আর বৈজ্ঞানিক নাম Barringtonia acutangula।

ছোটবেলায় চিত্রা নদীতে নৌকা বাইতেন নারিকেলবাড়িয়া গ্রামের অশীতিপর সিলামত মাঝি। তিনি বলেন, ‘ছোটবেলায় হিজলগাছ দুটি দেখতে যেমন ছিল, আজও তেমনি আছে। খুব একটা পরিবর্তন হয়নি।’

যশোর বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, হিজলগাছ দুটি শতবর্ষী। স্থানীয় পরিবেশ রক্ষার পাশাপাশি পাখিদের আশ্রয়স্থল হিসেবেও এগুলো ভূমিকা রাখছে। গাছ দুটি সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কীভাবে যাবেন

যশোর শহর থেকে বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ার দূরত্ব ২৮ কিলোমিটার। নারিকেলবাড়িয়া-ক্ষেত্রপালা সড়কের পাশে চিত্রা নদীর তীরে নারিকেলবাড়িয়া মহাশ্মশান। সেখানে বহু ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি।