বাঘারপাড়াইতিহাস, মানুষ ও সম্ভাবনার মেলবন্ধন
শতবর্ষী ‘অচিন গাছ’
ইতিহাস ও দর্শনীয় স্থান

শতবর্ষী ‘অচিন গাছ’

ঐতিহাসিক স্থান সাইটখালী বাসুয়াড়ী

বিবরণ

১৫ শতক জায়গাজুড়ে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে বিশাল এক বৃক্ষ। নানা প্রজাতির পাখি বাসা বেঁধেছে সেখানে। ডাল ধরে দোল খায় শিশুরা, আর গ্রীষ্মের দুপুরে এর শীতল ছায়ায় বিশ্রাম নেন গ্রামবাসী।

৬৪ বছর বয়সী আইয়ুব আলী শৈশব থেকেই এই বিশালাকার গাছটি দেখে আসছেন। কেউ এর আসল নাম বা প্রজাতি জানে না। তাই সবার কাছে এটি ‘অচিন গাছ’ নামেই পরিচিত। পরিচয় অজানা থাকলেও স্থানীয়দের বিশ্বাস ও আবেগে গাছটি এখন ‘মানতের গাছে’ পরিণত হয়েছে। যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের সাইটখালী গ্রামে অবস্থিত এই গাছের বয়স নিয়ে এলাকায় নানা জনশ্রুতি রয়েছে।

স্থানীয়দের মতে, আগে গাছটি আরও বিশাল ছিল। সময়ের পরিক্রমায় বিভিন্ন ঝড়ে ডালপালা ভেঙে আকার কিছুটা ছোট হয়ে এসেছে। তবুও বর্তমানে প্রায় ১৫ শতক জমিজুড়ে এর ডালপালা বিস্তৃত।

যশোর শহর থেকে সাইটখালী গ্রামের দূরত্ব সাড়ে ১৭ কিলোমিটার। জেলা সদর থেকে ১৪ কিলোমিটার পূর্বে চাড়াভিটা বাজার। বাজার থেকে সামান্য দক্ষিণে সড়কের পাশেই বাসুয়াড়ি-সাইটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পশ্চিম পাশের দেয়াল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মহিরুহ। গাছটির প্রকৃত বয়স কারও জানা নেই। কেউ বলেন ৩০০ বছর, আবার কারও দাবি এর বয়স ৪০০ বছর। পূর্বপুরুষদের মুখে শোনা নানা গল্প বংশপরম্পরায় বলে আসছেন গ্রামবাসী। তবে গাছটি কে লাগিয়েছেন, নাকি প্রাকৃতিকভাবেই জন্মেছে, তা কেউ বলতে পারেন না।

সাইটখালী গ্রামের বাসিন্দা আইয়ুব আলী জানান, আগে মনের আশা পূরণের আশায় মানুষ এই গাছের নিচে মুরগি মানত করতেন। প্রচলিত বিশ্বাস ছিল, গাছের নামে মুরগি উৎসর্গ করলে মনোবাসনা পূর্ণ হয়। পরে গ্রামবাসী সেই মুরগি রান্না করে একসঙ্গে খেতেন। আইয়ুব আলী নিজেও বহুবার এমন ভোজসভায় অংশ নিয়েছেন।

গাছটির উচ্চতা প্রায় ৬০ ফুট এবং গোড়ার দিকের বেড় প্রায় ৪৬ ফুট। এর পাতা দেখতে অনেকটা ছোট তেজপাতার মতো। গাছে কোনো ফুল ফোটে না, তবে বছরে একবার কিশমিশের মতো ফল ধরে। কাঁচা অবস্থায় ফলের রং থাকে বাদামি, পাকলে কালো হয়ে যায়। পাকা ফল খেতে ঝাঁকে ঝাঁকে পাখি আসে, ওদের কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে চারপাশ। পাখিরাই গাছের চারপাশে বীজ ছড়িয়ে দেয়। রাতেও অসংখ্য পাখি এই গাছে আশ্রয় নেয়। গ্রামবাসীর বিশ্রামের সুবিধার্থে গাছটির চারপাশে পাকা বেদি নির্মাণ করা হয়েছে।

বাঘারপাড়া উপজেলা বন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, কয়েক শ বছরের পুরোনো যেকোনো গাছকেই শতবর্ষী বৃক্ষ বলা হয়। সাইটখালীর এই গাছটিও শতবর্ষী। তবে এর সুনির্দিষ্ট নাম এখনো অজানা। সম্ভবত এটি বটজাতীয় কোনো বৃক্ষ হতে পারে।

সরেজমিনে দেখা যায়, গাছটিতে ফল ধরেছে এবং পাখিরা কিচিরমিচির করছে। শীতের আমেজে গাছের নিচে বসে গল্প করছিলেন দুজন। তাঁদের একজন ৬০ বছর বয়সী আবদুল গাফফার বলেন, পূর্বপুরুষদের কাছ থেকে এই গাছের গল্প শুনেই তিনি বড় হয়েছেন। ছোটবেলায় এর নিচে খেলাধুলা করতেন, তখন যেমন দেখেছেন এখনো তেমনই আছে। বাপ-দাদারা গাছটিকে ‘অচিন গাছ’ হিসেবেই চিনিয়ে গেছেন। গাছটির নাম বা পরিচয় জানার আগ্রহ কারও মধ্যে তেমন নেই; বরং সবার বিশ্বাস, এর বয়স তিন-চার শ বছরের কম নয়। গাছটি এখন যেন এই গ্রামেরই একটি পরিবারের সদস্য হয়ে উঠেছে।

কীভাবে যাবেন

জেলা সদর থেকে ১৪ কিলোমিটার পূর্বে চাড়াভিটা বাজার। বাজার থেকে সামান্য দক্ষিণে সড়কের পাশেই বাসুয়াড়ি-সাইটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পশ্চিম পাশের দেয়াল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মহিরুহ।