পরিচিতি
মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মহিউদ্দিন বিশ্বাসের স্মৃতি ধরে রাখতে তাঁর সন্তান মাজহারুল ইসলাম খোকনের উদ্যোগে এগারো সদস্যের পরিচালনা পর্ষদ নিয়ে এটি গড়ে তোলা হয়।
জামদিয়া ইউনিয়নের তেঘরি গ্রামের মোদাচ্ছের আলী বিশ্বাসের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মহিউদ্দিন বিশ্বাস ছিলেন শিক্ষক, শিক্ষানুরাগী, মানবতাবাদী ও রাজনীতিবীদ। এলাকায় শিক্ষা বিস্তারের জন্য তিনি ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়, ভিটাবল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিটাবল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও নিজগ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়তে নিজের পৈত্রিক জমি দান করে গেছেন।
প্রতিষ্ঠানটি জামদিয়া ইউনিয়নের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং ক্রীড়া ক্ষেত্রে সহায়তা করে থাকে। এর সামাজিক কার্যক্রমের মধ্যে রয়েছে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দান, অসহায় মানুষকে চিকিৎসা ও আবাসন সহায়তা, মসজিদ, মাদ্রাসা ও মন্দির সংস্কারে অর্থ প্রদান, খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও গুণীজনদের সংবর্ধনা প্রদান।