বাঘারপাড়াইতিহাস, মানুষ ও সম্ভাবনার মেলবন্ধন
সব গুনীজন
বিজয় চন্দ্র রায়

বিজয় চন্দ্র রায়

bijoy-chandra-roy

ব্রিটিশবিরোধী বিপ্লবী নেতা

১৯২৭ সালের শুরুর দিকে ব্রিটিশ সরকারের জারিকৃত চৌকিদারি করের বিরুদ্ধে যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল, সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়ে তিনি যশোরের ইতিহাসে বিশেষ স্থান করে নেন।

জীবন ও কর্ম

যশোরের ব্রিটিশবিরোধী সংগ্রামে যে কজন সাহসী ও আপসহীন নেতা সামনের সারিতে ছিলেন, বিজয় চন্দ্র রায় তাঁদের অন্যতম। ১৯২৭ সালের শুরুর দিকে ব্রিটিশ সরকারের জারিকৃত চৌকিদারি করের বিরুদ্ধে যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল, সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়ে তিনি যশোরের ইতিহাসে বিশেষ স্থান করে নেন।

জন্ম ও প্রাথমিক জীবন

বিজয় চন্দ্র রায় ১৮৯৮ সালে (বাংলা ১৩০৪ সালের ২২ আশ্বিন, বিজয়া দশমী তিথিতে) যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ষষ্ঠীধর রায় এবং মা দেবী মোক্ষদা সুন্দরী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন নির্ভীক ও স্বাধীনচেতা। ছাত্রজীবনেই তিনি যুগান্তর দলের সঙ্গে যুক্ত হন এবং নীলচাষবিরোধী আন্দোলনের মতো সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। স্নাতক পরীক্ষা দেওয়ার আগেই তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে পুরোদমে জড়িয়ে পড়েন এবং মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলন ও কারাবাস

১৯২৬ সালে যশোর শহরে কংগ্রেসের জন্য একটি নিজস্ব ভবন কেনেন বিজয় চন্দ্র রায়। সেখান থেকেই তিনি চৌকিদারি করবিরোধী আন্দোলনের ডাক দেন, যা পরবর্তী সময়ে গোটা বাংলায় স্বদেশী আন্দোলনের রূপ নেয়। ১৯৩০ সালে সর্বভারতীয় কংগ্রেসের ডাকে আইন অমান্য আন্দোলন জোরদার হলে ব্রিটিশ শাসকদের দমন-পীড়নও বাড়ে। এ সময় তাঁকে গ্রেপ্তার করে ভারতের দেউলী কারাগারে আটক রাখা হয়।

কারাগারে বন্দী থাকা অবস্থাতেই কেশবপুর ভলান্টিয়ার ক্যাম্পে এক বর্বর ঘটনার খবর তাঁর কানে পৌঁছায়। অভিযোগ রয়েছে, যশোরের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট লারকিন ও পুলিশ সুপার এলিসনের নেতৃত্বে রাতে ওই ক্যাম্পে অতর্কিত হামলা চালানো হয়। ভলান্টিয়ারদের নির্যাতনের পর পুলিশ ভ্যানে তুলে গদখালীর মাঠে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার খবর পেয়ে দেউলী জেল থেকেই চিঠির মাধ্যমে বিপ্লবীদের আরও সোচ্চার হওয়ার নির্দেশ দেন বিজয় চন্দ্র রায়।

তাঁর পরিকল্পনায় বিপ্লবীরা সীতারামপুর ব্রিজের কাছে এলিসনের গাড়ি আটকে দেহরক্ষী ও চালকসহ ছয়জনের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং এলিসনের একটি কান কেটে নেয়। জ্ঞান ফেরার পর তাঁর বুকের ওপর একটি চিরকুট রেখে এক মাসের মধ্যে যশোর ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এলিসন পনেরো দিনের মধ্যে যশোর ছেড়ে কুমিল্লায় চলে গেলেও সেখানেও বিপ্লবীদের হাত থেকে বাঁচতে পারেননি; পরে এক কিশোর বাদাম বিক্রেতার মাধ্যমে গুলি করে তাঁকে হত্যা করা হয়।

স্বদেশী চেতনা ও রাজনৈতিক কর্মকাণ্ড

১৯৩৮-৩৯ সালের দিকে বিজয় চন্দ্র রায়ের উদ্যোগে যশোর ও খুলনার রাজনৈতিক কর্মী সম্মেলনগুলো যশোরের বি. সরকার (তসবীর হল)-এ অনুষ্ঠিত হতো। সে সময় বন্দবিলা ও দুর্বাডাঙ্গায় খাদি আন্দোলন এবং স্কুল-কলেজ বয়কটের কর্মসূচি জোরদার করেন তিনি।

স্বদেশী আদর্শ কেবল বক্তব্যে সীমাবদ্ধ রাখেননি তিনি; নিজের হাতে সুতা কেটে দেশি তাঁতে বোনা খদ্দর কাপড় পরতেন। কঠোর পরিশ্রমে বিশ্বাসী এই নেতা দুই হাতে কোদাল ধরে পতিত জমি কোপাতেন বলে এলাকার প্রবীণদের মুখে আজও শোনা যায়। তিনি ছিলেন এলাকার নামকরা ফুটবল খেলোয়াড়ও। প্রচলিত আছে, এক খেলায় তাঁর জোরালো শটে গোলপোস্টের ওপরের আড়া বাঁশ মাঝখান থেকে ভেঙে পড়ে। তিনি চ্যালেঞ্জ করেছিলেন, মাপ ঠিক না থাকায় বাঁশটি নিচু করে পোঁতা হয়েছে- এবং পরে তাঁর কথাই সত্য প্রমাণিত হয়।

১৯৫৬ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের সময়ে কংগ্রেস থেকে তিনি এমএলএ নির্বাচিত হন। তাঁর কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ফরোয়ার্ড ব্লক নেতা নেতাজী সুভাষ চন্দ্র বসু বন্দবিলায় তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ও বিধান চন্দ্র রায়ের সহযোগিতায় তিনি বিসিসি ও এআইসিসি-এর সদস্যও নির্বাচিত হন।

শিক্ষানুরাগ ও স্মৃতি সংরক্ষণের সংকট

শিক্ষার প্রসারে বিজয় চন্দ্র রায়ের অবদান ছিল গভীর। ভাই বসন্ত রায়কে নিয়ে তিনি বন্দবিলায় একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত। মৃত্যুর আগে তিনি তাঁর স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি- যার পরিমাণ প্রায় ৯ একর জমি- এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য উইল করে যান।

তবে বর্তমানে এই প্রতিষ্ঠান এবং তাঁর স্মৃতিবিজড়িত বাসভবনটি চরম অবহেলা ও ক্ষতির মুখে রয়েছে। বিদ্যালয়ে দান করা জমির আয়ের বড় অংশ প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে, পাশাপাশি পাঠদান ও পরিবেশের মানও কমেছে। অন্যদিকে, যশোরে তাঁর কেনা বাড়িটিতে বর্তমানে একটি হোমিওপ্যাথিক কলেজ চালু থাকলেও পুরোনো ঘরবাড়িগুলো জরাজীর্ণ হয়ে ভেঙে পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এসব স্মৃতি সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছে।

পারিবারিক জীবন ও আদর্শে অবিচলতা

মাত্র ২১ বছর বয়সে বাবাকে হারান বিজয় চন্দ্র রায়। ৫২ বছর বয়সে স্ত্রী লীনা রানীর মৃত্যুর পর তিনি আর বিয়ে করেননি; লীনা রানী ছিলেন নলডাঙ্গার রাজদরবারের পণ্ডিত নৃসিংহ চন্দ্র ভট্টাচার্যের একমাত্র কন্যা। স্ত্রী বিয়োগের পর কোলের শিশু কন্যা কল্যাণীকে নিয়ে তিনি চিন্তায় পড়ে যান। পরে মাগুরার চণ্ডীদাস চক্রবর্তীর বড় ছেলে সুধাময় চক্রবর্তীর সঙ্গে কল্যাণীর বিয়ে দেন। কল্যাণী রায় কলকাতায় বসবাস করেছেন এবং তাঁর সন্তানরা উচ্চশিক্ষিত হয়ে সরকারি উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

জন্মভূমি, স্বদেশ এবং রাজনৈতিক আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অনড়। জীবনের শেষ দিন পর্যন্ত বন্দবিলার বাড়িতে কংগ্রেসের আদর্শেই অবিচল ছিলেন। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী তাঁকে কলকাতায় নেওয়ার জন্য বিলাসবহুল বাড়ির প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দেন। শেষ জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে কংগ্রেস ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা বললে তিনি বলেছিলেন, "মুজিব, তা হয় না; দল ত্যাগ করা আর বাবার নাম পাল্টিয়ে বলা একই কথা।"

মৃত্যু ও সম্মাননা

১৯৮২ সালের ৭ জানুয়ারি (বাংলা ১৩৮৮ সালের ২২ পৌষ, বৃহস্পতিবার), ৮৪ বছর বয়সে এই সংগ্রামী জননেতা পরলোকগমন করেন। ২০১২ সালের ৯ থেকে ১১ মার্চ খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে 'গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্র' আয়োজিত গ্রামীণ জীবনযাত্রা ও কৃষি প্রযুক্তি তথ্য-বীজ মেলায় দেশের ৩০ জন গুণীজনের সঙ্গে তাঁকেও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন WhatsApp Facebook

আরও গুনীজন